ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার কেন্দ্রের চারপাশে ১৪৪ ধারা জারি

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার কেন্দ্রের চারপাশে ১৪৪ ধারা জারি

এইচএসসি ও আলিম পরীক্ষা বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হচ্ছে। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে চট্টগ্রাম নগরের সব পরীক্ষা কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

সোমবার (২৯ জুন) হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় কেন্দ্রের আশপাশে অস্ত্র, লাঠি, বিস্ফোরকসহ যেকোনো ধরনের আক্রমণাত্মক সরঞ্জাম বহন ও ব্যবহার নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে মিছিল, সভা-সমাবেশ, উচ্চস্বরে চিৎকার, গান-বাজনা এবং মাইক্রোফোন বা লাউডস্পিকার ব্যবহার করা যাবে না।

প্রশ্নপত্র ফাঁস ও অনৈতিক কার্যক্রম প্রতিরোধে পরীক্ষা চলাকালে কেন্দ্রসংলগ্ন সব ফটোকপির দোকান ও ফটোকপি মেশিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সিএমপি।

এ ছাড়া পরীক্ষার্থী এবং পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশ করতে পারবেন না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আগামী ২ জুলাই থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া প্রতিটি দিনের পরীক্ষার সময় এই নির্দেশনা কার্যকর থাকবে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় সিএমপি।

১৪৪ ধারা জারি,পরীক্ষার কেন্দ্র,এইচএসসি পরীক্ষা,চট্টগ্রাম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত