
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ হাবিবুর রহমান ওরফে বিপ্লব (২৭) ও রফিকুল ইসলাম (৩৫)-কে আটক করেছে পুলিশ।
বুধবার (১ জুলাই) ভোর থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত এ অভিযান চলে।
আটক হাবিবুর রহমান দামুড়হুদা উপজেলার দর্শনা শহরের শান্তিপুর এলাকার আকরাম খানের ছেলে এবং রফিকুল ইসলাম একই উপজেলার দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের মৃত আলম মণ্ডলের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খান-এর নির্দেশে দর্শনা থানার ওসি নজরুল ইসলাম-এর নেতৃত্বে পুলিশের একাধিক টিম দর্শনা শান্তিপাড়া ও আকুন্দবাড়িয়া স্কুলপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১১ বোতল এসকাফ উদ্ধারসহ আটক করা হয়।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে। তাদেরকে দুপুরে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।