
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর উদ্যোগে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড-এর সার্বিক সহযোগিতায় বৃহস্পতিবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে দিনব্যাপী ‘ছাত্রীদের ফ্রি মেডিকেল ক্যাম্প-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলমান এই ক্যাম্পে বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক ছাত্রী বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরামর্শ গ্রহণ করেন। অনুষ্ঠানটিতে চিকিৎসক সহযোগিতায় যুক্ত ছিল এনডিএফ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। উদ্বোধক হিসেবে ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ডা. এ কে এম ফজলুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড-এর বোর্ড অব ডিরেক্টরসের সদস্য মিসেস আমেনা শাহীন।
চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
পরিদর্শন শেষে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। তিনি চাকসু ও মেট্রোপলিটন হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, চাকসু দারুণ একটি উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ করে ছাত্রীদের জন্য এমন আয়োজন সত্যিই অসাধারণ। এর মাধ্যমে ছাত্রীরা অনেক উপকৃত হবে, কারণ অনেক সময় তারা সঠিক চিকিৎসাসেবা পায় না।
তিনি সবাইকে ধন্যবাদ জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, এমন আয়োজনের জন্য আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের নানা সীমাবদ্ধতার কারণে চবি মেডিকেলে নারীদের সব ধরনের চিকিৎসা দেওয়া সম্ভব হয় না। এই আয়োজনের মাধ্যমে নারী শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে। সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, চাকসু নতুন নতুন উদ্যোগ নিয়ে কাজ করছে। এটি সত্যিই প্রশংসার দাবিদার। আমাদের নারী শিক্ষার্থীরা অনেক সময় চিকিৎসাসেবা পাওয়ার ক্ষেত্রে পিছিয়ে পড়ে। ছাত্রীদের সুস্থতা অনেক বেশি জরুরি। তিনি সবাইকে ধন্যবাদ জানান।
উদ্বোধকের বক্তব্যে মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ কে এম ফজলুল হক সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। তিনি ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চাকসুর জিএস সাঈদ বিন হাবিব এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক।
এছাড়া বক্তব্য রাখেন চবি চিফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়ব এবং এনডিএফ-এর প্রতিনিধি ডা. নাঈমা আক্তার।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন চাকসুর ছাত্রী কল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দ্বীপা ও সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা।
অনুষ্ঠানে অতিথি, চিকিৎসক ও আয়োজকদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে চাকসুর অন্যান্য প্রতিনিধিসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় দেড় হাজার ছাত্রী সেবা নিয়েছেন।