ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে প্রধান শিক্ষকের মাতলামির ভিডিও ভাইরাল, শোকজ

সিরাজগঞ্জে প্রধান শিক্ষকের মাতলামির ভিডিও ভাইরাল, শোকজ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নুকালি বহুপার্শ্বিক হাই স্কুলের শিক্ষার্থীদের সাময়িক পরীক্ষা চলাকালীন মদ্যপ অবস্থায় প্রধান শিক্ষকের প্রকাশ্য মাতলামির অভিযোগ উঠেছে। এ ঘটনায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই এ ঘটনায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টায় ওই স্কুলের প্রধান শিক্ষক রুহুল আমিন ঢুলতে ঢুলতে তার নিজ কক্ষে প্রবেশ করেন। এ সময় তার চিৎকার ও বিশৃঙ্খল আচরণ শুরু হলে শিক্ষক-শিক্ষার্থীসহ পুরো স্কুলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে স্কুলের শিক্ষকগণ তার পরিবারকে অবহিত করেন। পরে পরিবারের সদস্যরা এসে টালমাটাল অবস্থায় তাকে বাড়িতে নিয়ে যান।

তিনি দীর্ঘদিন ধরে ওই স্কুলে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ওই স্কুলের পাশেই তার গ্রামের বাড়ি। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এর আগেও তিনি স্কুলে তার নিজ কক্ষে বসেই মদ্যপান ও অস্বাভাবিক আচরণ করেছেন। এটি নতুন কোনো ঘটনা নয় বলেও অনেকে অভিমত ব্যক্ত করেছেন। তবে তার প্রভাবের কারণে এ ঘটনায় কেউ প্রতিবাদ করতে সাহস পাননি।

এ বিষয়ে প্রধান শিক্ষক রুহুল আমিন সাংবাদিকদের বলেন, বাইরে থেকে মদ্যপান করে স্কুলে একটি কাগজ নেওয়ার জন্য এসেছিলাম। এ সময় কিছুটা মাতলামি হয়েছে এবং পরিবারের লোকজন আমাকে বাড়িতে নিয়ে যান।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. সাইদুল ইসলাম বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও জেলা শিক্ষা অফিসারকে অবহিত করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ ঘটনায় ওই প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

তিন কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও শুরু হয়েছে।

সাইফুল ইসলাম, শাহজাদপুর থানার ওসি, এ ঘটনায় আলোকিত বাংলাদেশকে বলেন, উক্ত প্রধান শিক্ষকের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় ইতিমধ্যেই শিক্ষা বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। তবে এ ঘটনায় ওই শিক্ষকের বিরুদ্ধে এখনও কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

শোকজ,ভিডিও ভাইরাল,সিরাজগঞ্জ,প্রধান শিক্ষক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত