
সাতক্ষীরার শ্যামনগরের গাবুরায় ভেড়িবাঁধের ওপর অবৈধভাবে বসানো লোনা পানি উত্তোলনের নাইনটি পাইপ চেয়ারম্যানের নেতৃত্বে অপসারণ করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল থেকে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে মেগা প্রকল্পের নবনির্মিত ভেড়িবাঁধ রক্ষা ও জনস্বার্থে স্থানীয়দের সহযোগিতায় এ উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়।
কার্যক্রমের অংশ হিসেবে বাঁধের ওপর মৎস্যঘের ব্যবসায়ীদের অবৈধভাবে স্থাপিত ক্ষতিকর ‘নাইনটি’ (লবণ পানি নিষ্কাশন ও উত্তোলনের পাইপ) অপসারণ করা হয়।
গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি. এম. মাছুদুল আলম জানান, উপকূলীয় অঞ্চলের সুরক্ষায় সরকারের মেগা প্রকল্পের আওতায় নির্মিত টেকসই ভেড়িবাঁধের ওপর দিয়ে কিছু মৎস্যঘের মালিক অবৈধভাবে ‘নাইনটি’ পাইপ স্থাপন করে আসছিলেন।
তিনি আরও বলেন, কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বাঁধটি চরম ঝুঁকির মধ্যে পড়েছিল। নদীভাঙন ও পরিবেশ বিপর্যয়ের হাত থেকে এলাকাকে রক্ষা করতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।