
গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে দীর্ঘদিন ধরে একটি সড়কের নির্মাণকাজ আটকে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন গ্রামের শতাধিক পরিবার। স্থানীয়দের অভিযোগ, দুটি পরিবারের আপত্তির কারণে ৭০০ ফুট সড়কের শেষ ১০০ ফুট নির্মাণ করা সম্ভব হচ্ছে না।
এ অবস্থায় সড়কটি উন্মুক্ত করে নির্মাণকাজ সম্পন্নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। এতে অংশ নেন প্রয়াত কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার-এর বাবা, সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ এবং মা লোপা কায়সার।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ভবেরচর বাসস্ট্যান্ডের পেছনে আব্দুল্লাহপুর-পুরান বাউশিয়া সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে আব্দুল্লাহপুর গ্রাম প্রদক্ষিণ করে ভবেরচর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
মানববন্ধনে কায়সার হামিদ বলেন, আব্দুল্লাহপুরে তার শ্বশুরবাড়ি। সেখানে তার শাশুড়ি একটি বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করেছিলেন, যা বর্তমানে তাঁদের পারিবারিক বাসভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে। কিন্তু রাস্তার অভাবে ওই বাড়িতে যাতায়াত দুর্বিষহ হয়ে উঠেছে।
তিনি অভিযোগ করেন, মাত্র দুটি পরিবারের আপত্তির কারণে কয়েকশ পরিবার বছরের পর বছর ভোগান্তির শিকার হচ্ছে।
তিনি আরও বলেন, ৭০০ ফুট সড়কের মধ্যে প্রায় ৬০০ ফুটের কাজ অনেক আগেই শেষ হয়েছে। বাকি ১০০ ফুট নির্মাণ না হওয়ায় এলাকায় কেউ মারা গেলে খাটিয়া বের করা যায় না। আবার জরুরি অসুস্থ রোগীকেও দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয় না। এমন পরিস্থিতিতে বাধ্য হয়েই এলাকাবাসী আন্দোলনে নেমেছেন।
কায়সার হামিদ জানান, বিষয়টি স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতন-এর নজরে আনা হয়েছে। তিনি দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন।
মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা অবিলম্বে সড়ক নির্মাণের প্রতিবন্ধকতা দূর করে জনদুর্ভোগের অবসান ঘটাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।