
সিরাজগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের যাকাত ফান্ডে ১০ লাখ টাকার চেক প্রদান করেছেন আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, বিশিষ্ট সমাজসেবক হাজী মো. আব্দুস সাত্তার।
‘যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা, সমাজ পরিবর্তনের মাধ্যম’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়-এর কাছে আনুষ্ঠানিকভাবে এ চেক প্রদান করেন তিনি।
এ সময় মানবতার ফেরিওয়ালা ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. আব্দুস সাত্তার বলেন, সরকারি যাকাত ফান্ডের মাধ্যমে দেশের অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের কল্যাণে এ অর্থ ব্যয় হবে বলে তিনি আশাবাদী।
তিনি সমাজের সকল সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি যাকাতের অর্থ সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার মাধ্যমে মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খান, ইসলামিক ফাউন্ডেশন-এর উপ-পরিচালক মো. ফারুক আহমেদ, সাংবাদিক এনামুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা এ মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, সরকারি যাকাত ফান্ডে এ ধরনের অনুদান সমাজে দারিদ্র্য বিমোচন এবং অসহায় মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ ছাড়া পৌর শহরকে একটি আধুনিক, সবুজ ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে হাজী মো. আব্দুস সাত্তার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং অবহেলিত জনগোষ্ঠীর মধ্যে সাহায্য-সহযোগিতা প্রদানের মতো নানা সামাজিক কর্মকাণ্ডেও তিনি সম্পৃক্ত রয়েছেন।