ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

রংপুরে পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

রংপুরে পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

রংপুরে পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৭ জুলাই) রংপুর মহানগরীর মাহিগঞ্জ এলাকা এবং পীরগাছা উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, রংপুরের মাহিগঞ্জ এলাকার শাহ আমানত কোল্ড স্টোরেজ-সংলগ্ন গুঞ্জর খাঁ এলাকায় খেলার সময় চার শিশু একটি ডোবায় নামে।

একপর্যায়ে তারা পানিতে তলিয়ে গেলে স্থানীয়রা উদ্ধার অভিযান চালায়। পরে ওই এলাকার ফারুক মিয়ার শিশু সন্তানকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের কালীগঞ্জ কামদেব নামাপাড়া গ্রামে পানিতে ডুবে শামিমা জান্নাত (২) নামে আরেক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের মো. শহিদুল ইসলামের মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে সবার অজান্তে পানিতে পড়ে যায় শামিমা। অনেক খোঁজাখুঁজির পর তাকে পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একই দিনে দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল শিশুদের নিরাপত্তায় পরিবারের সদস্যদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে বর্ষা মৌসুমে বাড়ির আশপাশের পুকুর, ডোবা ও জলাশয়ের পাশে শিশুদের একা না রাখার পরামর্শ দিয়েছেন তারা।

মর্মান্তিক মৃত্যু,দুই শিশু,পানিতে ডুব,রংপুর,পৃথক ঘটনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত