
চুয়াডাঙ্গার জীবননগরে চাষিদের কাছে অধিক দামে সার বিক্রির অভিযোগে এক কীটনাশক, সার ও বীজ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) বিকেলে জীবননগর শহরের নারায়ণপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া সুলতানা এ্যানি।
অভিযান সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে সার ও কীটনাশকের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে নারায়ণপুর মোড়ে মেসার্স বাবুল কৃষি স্টোর নামে একটি প্রতিষ্ঠানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অভিযোগে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২(৩) ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক বাবুল আক্তারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া সুলতানা এ্যানি বলেন, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে সার বিক্রিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় সংশ্লিষ্ট বাজারের অন্যান্য প্রতিষ্ঠানের মালিকদের মূল্যতালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয় করা এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য, ওষুধ ও বীজ বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জীবননগর কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন এবং জীবননগর থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।