ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

রংপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি

রংপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি

‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’—এই প্রতিপাদ্যে রংপুরে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদ্যাপিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম।

রংপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, সীমিত প্রাকৃতিক সম্পদের সঠিক ও টেকসই ব্যবহার নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়া যায়।

তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছপালা ও বনভূমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে।

বিভাগীয় কমিশনার বলেন, উন্নত দেশগুলোর শিল্পায়ন ও অতিরিক্ত গ্রিনহাউস গ্যাস নিঃসরণ পরিবেশ দূষণের জন্য তুলনামূলকভাবে বেশি দায়ী। এর ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব বিশ্বজুড়ে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

অবৈধ ইটভাটা বন্ধ প্রসঙ্গে তিনি বলেন, এটি পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক হুমকি। কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি কেটে নেওয়ায় জমির উৎপাদনক্ষমতা হ্রাস পাচ্ছে। এজন্য অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনকে নিয়মিত অভিযান পরিচালনা করে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক এবং পরিবেশ অধিদপ্তরের পরিচালক নুর আলম।

অনুষ্ঠান শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সভায় সরকারি কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভার আগে দিবসটি উপলক্ষে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

বর্ণাঢ্য র‌্যালি,আলোচনা সভা,বিশ্ব পরিবেশ দিবস,রংপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত