ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

বিএনপি প্রতিশ্রুতি অনুযায়ী কর্মসংস্থান সৃষ্টি করতে পারেনি: সারজিস

বিএনপি প্রতিশ্রুতি অনুযায়ী কর্মসংস্থান সৃষ্টি করতে পারেনি: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, বিএনপির নির্বাচনি ইশতেহারে ক্ষমতায় যাওয়ার দেড় বছরের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু ক্ষমতায় আসার পর তারা এক হাজার মানুষেরও কর্মসংস্থান করতে পারেনি।

বৃহস্পতিবার বিকেলে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর মুক্তমঞ্চে আয়োজিত পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, তরুণদের মধ্যে একটি কথা প্রচলিত হয়েছে, ‘অনেক তো কার্ড দিলেন, এবার বেকার ভাতার কার্ড দেওয়া শুরু করেন।’ কর্মসংস্থানের সৃষ্টি না হলে ভবিষ্যতে বেকারদের নেতৃত্বে আরও একটি অভ্যুত্থানও হতে পারে।

সারজিস আলম বলেন, সংসদে এমপি-মন্ত্রীদের বক্তব্য শুনে মনে হয় দেশে কোনো সমস্যা নেই। সংসদে বলা হয়, দেশে মাঝে মাঝে বিদ্যুৎ যায়। এটিকে লোডশেডিং বলা যায় না। এমন লোক-দেখানো বক্তব্য না দিয়ে মানুষের ঘরে ঘরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করুন।

তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের একজন মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন, বাংলাদেশে ১০ হাজার লোকের পুশ-ইন করা হয়েছে। বাংলাদেশে নাকি আরও পুশ-ইনের প্রক্রিয়া চলছে। আমাদের দেশের প্রধানমন্ত্রীসহ মন্ত্রীরা কোথায় থাকেন, যখন একটি দেশের মুখ্যমন্ত্রী আমাদের সার্বভৌমত্ব নিয়ে হুমকি দেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, ডা. আতিক মুজাহিদ, যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার, এস এম সাইফ মোস্তাফিজ এবং সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার প্রমুখ।

সারজিস,কর্মসংস্থান সৃষ্টি,বিএনপি প্রতিশ্রুতি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত