ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

সাতক্ষীরায় নিখোঁজের ২ দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

সাতক্ষীরায় নিখোঁজের ২ দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

সাতক্ষীরায় নিখোঁজের দুই দিন পর আব্দুর রহমান নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) সকালে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কুলপোতা এলাকার একটি মৎস্যঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত বুধবার সকাল থেকে সে নিখোঁজ ছিল।

নিহত আব্দুর রহমান (১২) একই এলাকার শফিকুল ইসলামের ছেলে। সে কুলপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।

নিহতের খালা শেফালী খাতুন জানান, আব্দুর রহমানের বয়স যখন ৫ বছর, তখন তার বাবা শফিকুল ইসলাম তার মাকে ডিভোর্স দিয়ে চলে যান। পরে তার মা অন্যত্র বিয়ে করে সেখানে চলে যান। এরপর থেকে আব্দুর রহমানকে তিনি লালন-পালন করে আসছিলেন।

গত বুধবার সকালে তিনি তার স্বামীকে নিয়ে ডাক্তার দেখানোর জন্য সাতক্ষীরা শহরে যান। বাড়ি ফিরে দেখেন, আব্দুর রহমান বাড়িতে নেই। এরপর থেকে সম্ভাব্য সব জায়গায় তিনি খোঁজাখুঁজি করতে থাকেন।

একপর্যায়ে শুক্রবার সকালে বাড়ির পাশে একটি মৎস্যঘেরের মধ্যে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন।

সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মরদেহ উদ্ধার,স্কুলছাত্র,নিখোঁজের ২ দিন,সাতক্ষীরা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত