
ঠাকুরগাঁওয়ে চলমান মামলা থেকে অব্যাহতি পেতে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ এনে প্রাক্তন স্বামী হুমায়ুন কবিরের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন কলেজ শিক্ষিকা নারগিস খাতুন।
তিনি পুরাতন ঠাকুরগাঁও টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক।
শনিবার (১১ জুলাই) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে নারগিস খাতুন বলেন, গত ৮ জুলাই হুমায়ুন কবির সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁর বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, তাঁর প্রথম বিয়ের বিষয়টি কখনোই গোপন রাখা হয়নি। কাবিননামায় তাঁকে ‘তালাকপ্রাপ্ত’ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং তাঁর দুই সন্তানের বিষয়েও হুমায়ুন কবির অবগত ছিলেন।
অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, যদি সত্যিই তাঁর বিরুদ্ধে এমন অভিযোগের সত্যতা থাকত, তাহলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হতো। একইভাবে ১০ লাখ টাকা দেনমোহর আদায়ের বিষয়েও কোনো পক্ষ আইনি পদক্ষেপ নেয়নি বলেও উল্লেখ করেন তিনি।
এসি, ফ্রিজ ও অন্যান্য আসবাবপত্র আত্মসাতের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এসব সামগ্রী তিনি ২০২৩ সালে নিজ অর্থে ক্রয় করেছেন এবং প্রয়োজনে ক্রয়রসিদ ও ওয়ারেন্টি-সংক্রান্ত কাগজপত্র উপস্থাপন করতে পারবেন। পাশাপাশি হুমায়ুন কবির তাঁর দাবি প্রমাণ করতে পারলে দাবি অনুযায়ী অর্থ ফেরত দিতেও প্রস্তুত বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে নারগিস খাতুন আরও বলেন, তাঁর বর্তমান স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা বিচারাধীন রয়েছে। ওই মামলায় আদালতে উপস্থাপিত কিছু কাগজপত্র গ্রহণযোগ্য না হওয়ায় এখন সংবাদ সম্মেলনের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে চলমান মামলাকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও দাবি করেন, সংবাদ সম্মেলনে প্রদর্শিত ছবি ও নথিপত্র আদালতে আগেই দাখিল করা হলেও সেগুলো গ্রহণযোগ্য হয়নি। এখন একই বিষয় নিয়ে প্রচার চালিয়ে তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন এবং মানসিকভাবে বিপর্যস্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে।
শেষে তিনি এসব অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে আইন অনুযায়ী সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, গত ৮ জুলাই ঠাকুরগাঁওয়ে নারগিস খাতুনের বিরুদ্ধে একাধিক বিয়ের তথ্য গোপন, অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন সাবেক নৌবাহিনীর সদস্য হুমায়ুন কবির। তিনি নারগিস খাতুনের প্রাক্তন দ্বিতীয় স্বামী।
সংবাদ সম্মেলনে তিনি বিয়ের তথ্য গোপন, ১০ লাখ টাকার বেশি অর্থ আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগ উত্থাপন করেন।
তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত হুমায়ুন কবিরের আনা সব অভিযোগ মিথ্যা দাবি করে সেগুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান কলেজ শিক্ষিকা নারগিস খাতুন।