ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

পুরাতন থানা ভবন ভাঙার সময় ককটেল বিস্ফোরণ, ২ শ্রমিক আহত

পুরাতন থানা ভবন ভাঙার সময় ককটেল বিস্ফোরণ, ২ শ্রমিক আহত

সাতক্ষীরার কালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙার কাজ চলাকালে মাটির নিচে থাকা একটি পরিত্যক্ত ককটেল বিস্ফোরিত হয়ে দুই শ্রমিক আহত হয়েছেন। রোববার (১২ জুলাই) দুপুর আনুমানিক দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পুরাতন থানার ভবন ভাঙার কাজের অংশ হিসেবে শ্রমিকরা ভবনের ফ্লোরের নিচে মাটি কাটছিলেন। এ সময় উপজেলার বাজার গ্রামের গফফার মোড়লের ছেলে শ্রমিক রফিকুল ইসলাম কোদাল দিয়ে মাটিতে আঘাত করলে সেখানে আগে থেকে মাটিচাপা অবস্থায় থাকা একটি পরিত্যক্ত ককটেল বিস্ফোরিত হয়।

বিস্ফোরণে রফিকুল ইসলামের দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এ সময় পাশে থাকা উপজেলার বাজার গ্রামের বাসিন্দা অপর শ্রমিক কামরুল হাসান বিস্ফোরণের আঘাতে ডান পায়ে আহত হন।

ঘটনার পর স্থানীয় লোকজন ও সহকর্মীরা দ্রুত আহত দুই শ্রমিককে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাদের চিকিৎসা চলছে।

ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মাটির নিচে কীভাবে পরিত্যক্ত ককটেলটি ছিল, সে বিষয়ে সংশ্লিষ্টরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছেন।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “কাজ করার সময় হঠাৎ একটি আওয়াজ হয়। পরে জানতে পারি, ককটেলজাতীয় কোনো বস্তুর বিস্ফোরণে দুই শ্রমিক আহত হয়েছেন। হয়তো আগে ওই স্থানে বিস্ফোরক মাটির নিচে চাপা পড়েছিল।”

২ শ্রমিক আহত,ককটেল বিস্ফোরণ,পুরাতন থানা ভবন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত