ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

পীরগঞ্জে ৩ মাসে সোয়া ১৯ লাখ টাকার মাদক উদ্ধার, গ্রেফতার ৪৮

পীরগঞ্জে ৩ মাসে সোয়া ১৯ লাখ টাকার মাদক উদ্ধার, গ্রেফতার ৪৮

রংপুরের পীরগঞ্জে মাদক নির্মূলের লক্ষ্যে থানা পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র‌্যাবের যৌথ মাদকবিরোধী অভিযানে গত ৩ মাসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৪৮ জন গ্রেফতার হয়েছেন। উদ্ধার হয়েছে ৩ হাজার ৩১ পিস ইয়াবাসহ প্রায় সোয়া ১৯ লাখ টাকার মাদকদ্রব্য।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সারা দেশে মাদক নির্মূলে বর্তমান সরকারের উদ্যোগের অংশ হিসেবে পীরগঞ্জ থানা পুলিশের পাশাপাশি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও রংপুর র‌্যাব-১৩ পীরগঞ্জের বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান, তল্লাশি ও নজরদারি জোরদার করেছে।

অব্যাহত এ অভিযানের ফলে চলতি বছরের এপ্রিল মাসে পীরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ১৬৭ পিস ইয়াবাসহ প্রায় ৮২ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। একই সঙ্গে দায়েরকৃত ৭টি মামলার ৭ জন অভিযুক্তকেই পুলিশ গ্রেফতার করে।

পরবর্তী মে মাসে এ অভিযানে আরও সফলতা আসে। এ মাসে ৪১২ পিস ইয়াবাসহ প্রায় ২ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার হয়। উল্লেখিত মাসে এ-সংক্রান্ত দায়েরকৃত ২১টি মামলায় অভিযুক্ত ২১ জনকেই পুলিশ গ্রেফতার করে।

সর্বশেষ গত জুন মাসে এ অভিযানে ২ হাজার ২৬৮ পিস ইয়াবাসহ ১৬ লাখ ৩২ হাজার ৩০০ টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে জুন মাসে এ-সংক্রান্ত ১৭টি দায়েরকৃত মামলায় ২৫ জন অভিযুক্তের মধ্যে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।

সর্বোপরি চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত মাদকদ্রব্য আইনে পীরগঞ্জ থানায় ৪৩টি মামলা দায়ের হয়েছে। দায়েরকৃত এসব মামলায় ৫৩ জন আসামির মধ্যে ৪৮ জন গ্রেফতার হয়েছেন। উদ্ধার করা হয়েছে ৩ হাজার ৩১ পিস ইয়াবাসহ প্রায় সোয়া ১৯ লাখ টাকার হেরোইন, চোলাই মদ, গাঁজার গাছ, গাঁজা ও ক্যানথারিস।

এ অভিযান সম্পর্কে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক বলেন, “মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে আমাদের চলমান এ অভিযানে কাউকে ছাড় দেওয়া হবে না। গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনার পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি অব্যাহত রয়েছে।”

তিনি সাধারণ মানুষকে মাদকের বিরুদ্ধে সচেতন হওয়ার পাশাপাশি মাদক-সংক্রান্ত যেকোনো তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানান।

গ্রেফতার ৪৮,মাদক উদ্ধার,সোয়া ১৯ লাখ টাকা,পীরগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত