ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

পীরগঞ্জের আলোচিত কৃষক হত্যা মামলায় রশিদ মিয়া গ্রেপ্তার

পীরগঞ্জের আলোচিত কৃষক হত্যা মামলায় রশিদ মিয়া গ্রেপ্তার

রংপুরের পীরগঞ্জে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সেচ পাম্পের ট্রান্সফর্মার চুরির সময় এক কৃষককে নির্মমভাবে হত্যার ঘটনায় তদন্তে প্রাপ্ত একজন আসামিকে বগুড়া থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩।

সোমবার দুপুরে র‌্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামি বগুড়া জেলার শিবগঞ্জ থানার জানগ্রাম এলাকার দুলা মিয়ার ছেলে মো. রশিদ মিয়া (৪২)।

তিনি আরও জানান, পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের উমরপুর গ্রামের কৃষক মফিজার রহমানের জমিতে বিএডিসির একটি গভীর নলকূপ স্থাপিত রয়েছে। ইরি মৌসুমের সেচ কার্যক্রম শেষ হওয়ায় তিনি প্রতিদিনের মতো রাতে নিজের সেচঘরে বিএডিসির সেচ ট্রান্সফর্মার পাহারা দিতেন।

গত ৭ মে ২০২৬ সকালে ভুক্তভোগীর প্রতিবেশী শহিদুল ইসলাম মোবাইল ফোনের মাধ্যমে তার পরিবারকে ট্রান্সফর্মার চুরির বিষয়টি জানান। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সেচঘরের দরজা বাইরে থেকে বন্ধ অবস্থায় দেখতে পান।

এ সময় সেচঘরের ভেতর থেকে কৃষক মফিজার রহমানের হাত-পা বাঁধা, রক্তাক্ত ও নিথর মরদেহ উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা সেচ পাম্পের ট্রান্সফর্মার চুরির সময় কৃষক মফিজার রহমান বাধা দিলে তাকে হত্যা করে ট্রান্সফর্মার নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় নিহত কৃষক মফিজার রহমানের ভাই মনুয়ার হোসেন ৭ মে ২০২৬ তারিখে পীরগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার সূত্র ধরে র‌্যাব-১৩ গত ১২ জুলাই রাতে বগুড়া জেলার শিবগঞ্জ থানার বুড়িগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রংপুর জেলার পীরগঞ্জ থানার কৃষক হত্যা ও ট্রান্সফর্মার চুরির মামলার তদন্তে প্রাপ্ত আসামি মো. রশিদ মিয়া (৪২)-কে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

রশিদ মিয়া গ্রেপ্তার,কৃষক হত্যা মামলা,পীরগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত