
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় আজাদুল ইসলাম (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত শুক্রবার বিকেলে বাড়ির পাশের জমিতে কাজ করতে যান ভুক্তভোগী শিশুর বাবা-মা। এ সুযোগে ফাঁকা বাড়িতে ঢুকে বাকপ্রতিবন্ধী ওই শিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় যুবক আজাদুল। পরে শিশুটির গোঙানির শব্দ শুনে তার মা ঘরে ঢুকলে অভিযুক্ত পালিয়ে যায়।
বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও ওই যুবকের পরিবার তাতে সাড়া দেয়নি। পরে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে সোমবার সকালে ভূরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার নম্বর ২৪। ভুক্তভোগী শিশুটির বয়স ১১ বছর।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক শাহাজাহান জানান, ১১ বছরের বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিশুটির বাবা বাদী হয়ে গত সোমবার সকালে ভূরুঙ্গামারী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় থানায় একটি মামলা রেকর্ড করা হয়। পরে একই দিন সন্ধ্যায় অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ব্যক্তিকে মঙ্গলবার সকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।