
রংপুরের পীরগঞ্জে সেচ পাম্পের ট্রান্সফর্মার চুরির সময় এক কৃষককে হত্যা করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-১৩। জয়পুরহাট ও গাইবান্ধা জেলার পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার দুপুরে র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাসিন্দা মো. গোলাম রব্বানী (২৮) এবং গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার শহিদুল ইসলাম (৫৪)।
র্যাব জানায়, পীরগঞ্জে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) একটি সেচ পাম্পের ট্রান্সফর্মার চুরির সময় কৃষক মফিজার রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আসামিদের শনাক্ত করে র্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে।
এর ধারাবাহিকতায় বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে সিপিএসসি, র্যাব-১৩ রংপুর এবং সিপিসি-৩, র্যাব-৫ জয়পুরহাটের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার রতনপুর (রায়পুর) গ্রামে অভিযান চালিয়ে গোলাম রব্বানীকে গ্রেফতার করে।
একই দিন রাত সাড়ে ৮টার দিকে র্যাব-১৩-এর আরেকটি আভিযানিক দল গাইবান্ধার পলাশবাড়ী থানার জুনদহ বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি মুদি দোকানের সামনে থেকে শহিদুল ইসলামকে আটক করে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, হত্যা, অপহরণ, ধর্ষণসহ বিভিন্ন গুরুতর অপরাধ দমনে র্যাবের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।