
সাতক্ষীরার দেবহাটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা। সভা পরিচালনা করেন উপজেলা রিসোর্স কর্মকর্তা মহিতোষ কর্মকার।
আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, জুলাই আন্দোলনে শহীদ আসিফের পিতা মাহমুদ আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাজেদুর রহমান, দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস চন্দ্র, সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি ফারুক মাহবুবুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, সাংগঠনিক সম্পাদক কে.এম. রেজাউল করিম, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা আব্দুস সাত্তার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান ফরহাদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটা শাখার সাবেক আহ্বায়ক মুজাহিদ বীন ফিরোজ ও সাবেক সদস্য সচিব আব্দুল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত ও আহতদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একই সঙ্গে আন্দোলনে শহীদ দেবহাটার কৃতি সন্তান আসিফের অবদানও কৃতজ্ঞতার সঙ্গে তুলে ধরা হয়।
বক্তারা বলেন, জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তারা শহীদদের আত্মত্যাগকে জাতির জন্য প্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেন।