ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

কোনো অবস্থাতেই পুশ-ইন মেনে নেওয়া হবে না: সেক্টর কমান্ডার

কোনো অবস্থাতেই পুশ-ইন মেনে নেওয়া হবে না: সেক্টর কমান্ডার

সীমান্তে পুশ-ইন সমস্যাকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অত্যন্ত গুরুত্বের সঙ্গে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বলে জানিয়েছেন বিজিবির দিনাজপুর সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান।

তিনি বলেন, সরকার ও বিজিবির অবস্থান অত্যন্ত পরিষ্কার। কোনো অবস্থাতেই বাংলাদেশে অবৈধ পুশ-ইন মেনে নেওয়া হবে না।

একই সঙ্গে পার্শ্ববর্তী দেশের পুশ-ইনের এ ধরনের আচরণকে তিনি ‘নজিরবিহীন’ বলে উল্লেখ করেন।

শনিবার সকালে দিনাজপুর সদর উপজেলার বড়গ্রাম সীমান্তে বড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিজিবি আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজিবির ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় এ মানবিক চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান আরও বলেন, ‘বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ সামগ্রী প্রদানসহ সীমান্ত এলাকার হতদরিদ্র ও বেকার যুবশক্তিকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে কর্মক্ষম করে তোলার মতো কর্মসূচি গ্রহণ করতে যাচ্ছে বিজিবি।’

২৯ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া ফ্রি মেডিকেল ক্যাম্প সন্ধ্যা পর্যন্ত চলবে। এ কর্মসূচির মাধ্যমে ওই এলাকার ৬০০ জন নারী, পুরুষ ও শিশুকে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ্জামান, দিনাজপুর সেক্টরের ভারপ্রাপ্ত এসএমও ক্যাপ্টেন এস এম মাহদী জামান, সহকারী পরিচালক মো. মিজানুর রহমান এবং সহকারী পরিচালক মো. আব্দুল্যা-আল-মামুন।

সেক্টর কমান্ডার,পুশ-ইন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত