
রংপুরে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার নগরীর আরডিআরএস মিলনায়তনে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন রংপুর শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি প্রফেসর ডা. সৈয়দ মামুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বিশ্বাস (ডাম্বেল)।
কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সামসুর রহমান কোয়েলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল আউয়াল রাজাসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা রংপুর বিভাগে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, বেসরকারি স্বাস্থ্যসেবা খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর মানোন্নয়ন এবং সদস্যদের মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়ে মতামত তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বিশ্বাস বলেন, দেশের বেসরকারি স্বাস্থ্যসেবা খাতকে আরও সুশৃঙ্খল ও জনবান্ধব করতে সংগঠনের সকল ইউনিটকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি এবং রোগীদের আস্থা অর্জনে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি আবদুল আউয়াল রাজা বলেন, সংগঠনের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে কেন্দ্রীয় ও বিভাগীয় নেতাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বজায় রাখা প্রয়োজন। একই সঙ্গে স্বাস্থ্যসেবা খাতের উন্নয়নে সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভাপতির বক্তব্যে প্রফেসর ডা. সৈয়দ মামুনুর রশিদ বলেন, রংপুর বিভাগে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত ও শক্তিশালী করতে সকল সদস্যকে একযোগে কাজ করতে হবে। তিনি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সভা শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।