
চুয়াডাঙ্গার সদর উপজেলার দর্শনা থানাধীন পৃথক পৃথক এলাকা থেকে স্থানীয় লোকজন মাদক সেবনের সময় সাজ্জাদ হোসেন (৩০), ইব্রাহিম খালিদ (২৭), আমিনুল হক ওরফে আজাহার (২৪) ও শিপন আলীকে (২৩) আটক করে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে চুয়াডাঙ্গায় সামারি ট্রায়ালের মাধ্যমে সাজ্জাদ হোসেনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ইব্রাহিম খালিদ, আমিনুল হক ওরফে আজাহার ও শিপন আলীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
রোববার (১৯ জুলাই) বিকেলে আদালতের মাধ্যমে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত সাজ্জাদ হোসেন উপজেলার আকুন্দবাড়িয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। ইব্রাহিম খালিদ একই উপজেলার হিজলগাড়ি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। আমিনুল হক ওরফে আজাহার একই গ্রামের আমজাদ আলীর ছেলে এবং শিপন আলী উপজেলার বলদিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার আকুন্দবাড়িয়া গ্রাম থেকে সাজ্জাদ হোসেন এবং হিজলগাড়ি গ্রাম থেকে ইব্রাহিম খালিদ, আমিনুল হক ও শিপন আলীকে এলাকাবাসী মাদক সেবনের সময় আটক করে। এরপর তারা দর্শনা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশে দর্শনা থানার ওসি নজরুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের পৃথক দুটি টিম ঘটনাস্থলে পৌঁছে। পরে আটক ব্যক্তিদের পুলিশ হেফাজতে নেওয়া হয়।
রোববার বিকেলে তাদেরকে বিজ্ঞ সামারি ট্রায়াল কোর্টে (সংক্ষিপ্ত বিচার আদালত) হাজির করা হলে আদালত গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় কারাদণ্ড প্রদান করেন।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্তদের বিকেলেই চুয়াডাঙ্গা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।