ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

রংপুরে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

রংপুরে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

রংপুরের গঙ্গাচড়ায় অভিযান চালিয়ে শরীরে বিশেষ কায়দায় বহনকৃত ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয় রংপুর।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে গঙ্গাচড়া মডেল থানাধীন গজঘণ্টা ইউনিয়নের তালুক হাবু এলাকায় দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের সামনে সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি ইজিবাইক তল্লাশি করা হয়। এ সময় যাত্রীবেশে থাকা মো. শাহীন (৩৫) ও মো. জান্নাতুল মিয়া (৩২)-এর দেহ তল্লাশি করে তাদের কোমরে স্কচটেপ দিয়ে পেঁচানো অবস্থায় পলিথিনে রাখা গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার শাহীন লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর আদুপাড়া গ্রামের আকবর আলীর ছেলে এবং জান্নাতুল মিয়া একই এলাকার মৃত ছকমল মিয়ার ছেলে।

অভিযানকালে শাহীনের কাছ থেকে ২ কেজি এবং জান্নাতুল মিয়ার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মোট পরিমাণ ৪ কেজি, যার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উপপরিদর্শক মো. মোসাদ্দেক হোসেন বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় নিয়মিত মামলা করবেন বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

গ্রেফতার,দুই মাদক কারবারি,৪ কেজি গাঁজা,রংপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত