
রংপুরে বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপনের সকল কার্যক্রম স্থগিত এবং প্রিপেইড মিটার সংযোগকে বেআইনি ঘোষণা চেয়ে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর এ বিষয়ে সংবাদ সম্মেলন করেছে রংপুর নাগরিক কমিটি।
বুধবার বিকেলে রংপুর জজকোর্ট প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সরকারের নির্দেশনা উপেক্ষা করে রংপুর নগরীর বিভিন্ন বাসাবাড়ি, বেসরকারি অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে সচল পোস্টপেইড মিটার অপসারণ করে প্রিপেইড মিটার স্থাপন করা হচ্ছে। এ কার্যক্রম সাধারণ গ্রাহকদের ভোগান্তিতে ফেলছে এবং এটি বিদ্যমান নীতিমালা ও জনস্বার্থের পরিপন্থী।
তিনি অভিযোগ করেন, গ্রাহকদের মতামত ও সম্মতি ছাড়াই অনেক ক্ষেত্রে প্রিপেইড মিটার স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে বিদ্যুৎ ব্যবহারে অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হওয়ার পাশাপাশি গ্রাহকসেবার মান নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। এ কারণে আদালতের মাধ্যমে প্রিপেইড মিটার স্থাপনের কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।
অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ বলেন, আদালতে দায়ের করা মামলায় বিদ্যুতের প্রিপেইড মিটার সংযোগকে বেআইনি ঘোষণা এবং চলমান কার্যক্রম অবিলম্বে স্থগিত রাখার আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে বিষয়টি নিয়ে জনমত গড়ে তোলার জন্য নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে রংপুর নাগরিক কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা প্রিপেইড মিটার স্থাপনের কার্যক্রম পুনর্বিবেচনার দাবি জানান এবং গ্রাহকদের স্বার্থ সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
এদিকে, মামলার বিষয়ে আদালতের পরবর্তী সিদ্ধান্তের দিকে নজর রাখছেন নগরবাসী। প্রিপেইড মিটার স্থাপন নিয়ে দীর্ঘদিন ধরে চলমান বিতর্কের মধ্যে নতুন এই আইনি পদক্ষেপ রংপুরে বিষয়টিকে নতুন মাত্রা দিয়েছে।