
দেবহাটায় মৎস্য অধিদপ্তরের অভিযানে ১শ কেজি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত চিংড়ি বিনষ্ট করা হয় এবং অবৈধ কাজের জন্য ৩ জন ব্যবসায়ীর কাছ থেকে জরিমানা আদায় করা হয়।
দেবহাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম জানান, বুধবার (২৯ জুলাই) সকাল ১১টায় সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিম, ইন্সপেক্টর এফআইকিউসি, খুলনা আলমগীর হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়ের ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এবং তিনি (সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম) দেবহাটা উপজেলার পারুলিয়া মৎস্য আড়তে অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, দীর্ঘদিন ধরে এই আড়তসহ আশপাশের কয়েকটি মৎস্য আড়তে অবৈধভাবে চিংড়িতে জেলি পুশ করা হচ্ছে। এর আগেও অনেকবার অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পুশকৃত চিংড়ি জব্দ ও জরিমানা আদায় করা হয়েছে। কিন্তু অবৈধ এই ব্যবসায়ীরা তাদের এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করছে না।
এমন অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয় বলে প্রদীপ কুমার দাম জানান।
তিনি বলেন, অভিযানে সুজয় মণ্ডলকে ৫ হাজার টাকা, সুমন ট্রেডার্সকে ২ হাজার টাকা এবং আল কাইয়ুম ফিসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। অভিযানে দেবহাটা থানা পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।