
রংপুর শহরকে আধুনিক, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সব ধরনের অবকাঠামোগত উন্নয়নকাজে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন। রাস্তার সংস্কার ও নির্মাণকাজের মান নিশ্চিত করতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন তিনি।
বুধবার রংপুর নগরীর মাহিগঞ্জ, টার্মিনাল এলাকায় প্রায় ৬ কিলোমিটার সড়ক সংস্কার এবং চিকলি পার্ক এলাকায় ১ কিলোমিটার আরসিসি রাস্তা নির্মাণকাজের উদ্বোধনকালে পৃথক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, রংপুরকে আধুনিক, বাসযোগ্য ও যানজটমুক্ত নগরী হিসেবে গড়ে তোলা হবে।
তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই শহরের জরাজীর্ণ ও প্রধান প্রধান সড়কগুলোর সংস্কারে বিশেষ নজর দেওয়া হয়েছে। ইতোমধ্যেই বহুল প্রতীক্ষিত জাহাজ কোম্পানী মোড় থেকে মাহিগঞ্জ সাতমাথা মোড় পর্যন্ত সড়কটির আধুনিকীকরণের কাজ শুরু হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে রসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজম আলী, নির্বাহী প্রকৌশলী মো. শামসুজ্জামান, রংপুর মহানগর যুবদলের সদস্য-সচিব আতিকুল ইসলাম লেনিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, বিশিষ্ট ঠিকাদার খায়রুল কবীর রানা-সহ রসিকের কর্মকর্তারা এবং বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সরকারি উন্নয়ন সহায়তা তহবিল প্রকল্পের আওতায় ৯৫ লক্ষ ২৭ হাজার টাকা ব্যয়ে মাহিগঞ্জ শহিদ মিনার থেকে গসাইবাড়ি রোড পর্যন্ত ১,৩৭৭ মিটার, ৯৬ লক্ষ ৩৮ হাজার টাকা ব্যয়ে মাহিগঞ্জ শহিদ মিনার থেকে পীরগাছা রোড হয়ে দেওয়ানটুলি পর্যন্ত ১,৩৪০ মিটার এবং ৮ কোটি ৬৮ লক্ষ টাকা ব্যয়ে টার্মিনাল থেকে বড়বাড়ি রোড পর্যন্ত ৪,১০০ মিটার সড়ক সংস্কার করা হচ্ছে।
এছাড়া চিকলি পার্ক এলাকায় ১,০২০ মিটার আরসিসি রাস্তা ৩ কোটি ৫৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে।