
জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) রংপুর জেলা ও মহানগরের উদ্যোগে বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) সকালে নগরীর সুমি কমিউনিটি সেন্টারে জেএসডি’র কেন্দ্রীয় সহ-সভাপতি ও রংপুর জেলা শাখার সভাপতি আমিন উদ্দিন বিএসসির সভাপতিত্বে রংপুর বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএসডি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
সভাটি পরিচালনা করেন রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এবিএম মশিউর রহমান।
সভায় প্রধান অতিথি বলেন, ২০২৬ সালের নভেম্বর-ডিসেম্বরে কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। তাই আমরা এর মাঝে বিভাগীয় প্রতিনিধি সভা করছি এবং মাঠ গোছাচ্ছি। আজ তারই অংশ হিসেবে রংপুর বিভাগীয় প্রতিনিধি সভা হচ্ছে। সামনে আমাদের অনেক দূর এগোতে হবে। সামনে কঠিন সময় আসছে, আন্দোলন-সংগ্রাম করতে হবে। তাই আমরা এখন থেকে মাঠ গুছিয়ে প্রস্তুতি নিচ্ছি।
বর্তমান সরকার প্রসঙ্গে কামাল উদ্দিন পাটোয়ারী বলেন, তারা কথা রাখেনি। জনগণের ‘হ্যাঁ’ ভোটকে তারা অবহেলা করছে। আমরা আন্দোলনের মাধ্যমে ‘হ্যাঁ’ ভোটকে কার্যকর করবো। আমরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে আছি ও থাকবো। আমরা চাই দেশের মঙ্গল। আমরা দেশের স্বার্থে নিজেদের বিলিয়ে দেবো।
সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেএসডি রংপুর জেলার সাধারণ সম্পাদক ডা. আব্দুস সাদেক জিহাদী, যুগ্ম সম্পাদক আজিজুর রহমান, লালমনিরহাট জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এজাবুল হক, গাইবান্ধা জেলার সভাপতি লিটন তালুকদারসহ রংপুর বিভাগের সকল জেলার সভাপতি ও সম্পাদকবৃন্দ।