
রায়েরমহল কলেজ পরিচালনা কমিটির বর্তমান সভাপতি রাশিদুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ এনে তার অপসারণ দাবি করেছেন স্থানীয় বাসিন্দা মো. আকতার।
তিনি প্রধান উপদেষ্টা বরাবর এ আবেদন করেছেন, যার অনুলিপি শিক্ষামন্ত্রী, খুলনা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে প্রেরণ করেছেন।
জানা গেছে, রায়েরমহল এলাকার বাসিন্দা মো. আকতার অভিযোগ করে বলেন, কলেজ পরিচালনা কমিটির বর্তমান সভাপতি রাশিদুল ইসলামের অতীত রাজনৈতিক কর্মকাণ্ড এবং বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে আলোচনা রয়েছে।
তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রভাব খাটিয়ে সুবিধা গ্রহণ এবং বিতর্কিত ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগও উত্থাপন করা হয়েছে। বিগত সরকারের আলোচিত শেখ বাড়ির কর্তাদের সঙ্গে তার ঘনিষ্ঠতা রয়েছে। এছাড়া খুলনা মহানগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশসহ আওয়ামী লীগের বিভিন্ন শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে তার সুসম্পর্ক ছিল।
অপরদিকে, ছাত্রজীবনে তিনি শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বিগত ২০২৪ সালের ৫ আগস্টের পর বিশেষ তদবিরের মাধ্যমে রায়েরমহল কলেজ পরিচালনা পরিষদের সভাপতি হয়ে আলোচনায় আসেন।
অভিযোগকারী আরও দাবি করেন, রায়েরমহল এলাকায় শিক্ষিত ব্যক্তি, জমিদাতা, যোগ্য ও সম্মানিত ব্যক্তিদের উপস্থিতি থাকা সত্ত্বেও বাইরের এলাকার একজন বিতর্কিত ব্যক্তিকে কলেজ পরিচালনা কমিটির সভাপতি করা হয়েছে, যা স্থানীয়দের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে।
লিখিত অভিযোগে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং কলেজ পরিচালনা কমিটির সভাপতির পদ থেকে তাকে অপসারণের দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে অভিযোগের সত্যতা সম্পর্কে রাশিদুল ইসলামের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এদিকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। অভিযোগটি তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।