ঢাকা শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় ছাদ ঢালাইয়ের কাজ করতে গিয়ে প্রাণ গেল রাজমিস্ত্রির

চুয়াডাঙ্গায় ছাদ ঢালাইয়ের কাজ করতে গিয়ে প্রাণ গেল রাজমিস্ত্রির

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুস্তাকিম (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার হাকিমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত মুস্তাকিম আলমডাঙ্গা উপজেলার হাকিমপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে আলমডাঙ্গা উপজেলার তিওরবিলা গ্রামের ফুরকানের ছেলে সোহাগ মিয়ার নির্মাণাধীন বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ চলাকালে মুস্তাকিম অসাবধানতাবশত ভবনের পাশ দিয়ে অতিক্রম করা বৈদ্যুতিক তারের সংস্পর্শে চলে আসেন। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।

এ সময় স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।

বর্তমানে নিহতের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

এদিকে আকস্মিক এ মৃত্যুর খবরে নিহতের পরিবারে শোকের মাতম নেমে আসে। স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও বাড়ির পরিবেশ ভারী হয়ে ওঠে। এলাকাবাসীও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল জানান, তিনি ঘটনাটি শুনেছেন।

প্রাণ গেল রাজমিস্ত্রির,ছাদ ঢালাইয়ের কাজ,চুয়াডাঙ্গা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত