
সিরাজগঞ্জ পৌর এলাকার মাসুমপুর মহল্লায় মুরগীর খামার স্থাপন করা হয়েছে। এতে এ মহল্লার আবাসিক এলাকায় বর্জ্যের দুর্গন্ধে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। খামারের মালিককে একাধিকবার নিষেধ করেও কাজে আসেনি। অবশেষে জেলা প্রশাসক বরাবর খামারি মালিক ওয়াদুদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে প্রকাশ, উক্ত ওয়াদুদুর রহমান দীর্ঘদিন ধরে ওই এলাকায় মুরগির খামার স্থাপন করেছেন। এ খামারের বর্জ্যের দুর্গন্ধে জনজীবন অতিষ্ঠ এবং বিশেষ করে শিক্ষার্থীরাও রাস্তা ঘুরে বিদ্যালয়ে যাচ্ছে। এমন পরিস্থিতির বিষয়ে তাকে অবহিত করেও কাজে আসেনি এলাকাবাসীর।
অবশেষে রোববার জেলা প্রশাসক বরাবর এ বিষয়ে লিখিত অভিযোগ করা হয়েছে, যার ডকেট নং-১৩, তারিখ ২৬-০৭-২৬। এছাড়াও বুধবার উপ-পরিচালক, পরিবেশ অধিদপ্তর বরাবর একই অভিযোগ করা হয়েছে (অভিযোগ নং-০১৪, তারিখ ২৯-০৭-২৬)।
এলাকাবাসীর পক্ষে এ অভিযোগ করেছেন ওই মহল্লার স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন ফিরোজী। স্থানীয়রা জানান, মুরগীর খামারের দুর্গন্ধে ওই মহল্লা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে এবং ছোট ছেলে-মেয়েদের নানা রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে।
এ কারণে ওই মহল্লার অনেক ভাড়াটিয়া অন্যত্র বাসা খুঁজছে। রাস্তায় চলাচল করতে খামারের দুর্গন্ধের কারণে নাকে কাপড় দিয়ে চলতে হয় এবং শিক্ষার্থীরা অন্য রাস্তা দিয়ে ঘুরে শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে।
এদিকে এ অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর ইতোমধ্যেই তদন্ত কার্যক্রম শুরু করছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।