
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শাওন (৯ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে রংপুর বিভাগে হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ জন।
রোববার (২ আগস্ট) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে, শনিবার রাতে রমেক হাসপাতালের হামের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। শাওন নীলফামারী সদর উপজেলার সুইট মিয়ার ছেলে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও ২০ জন রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে লালমনিরহাট জেনারেল হাসপাতালে একজন, নীলফামারীতে পাঁচজন, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চারজন এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছরের ৩০ মার্চ থেকে রোববার (২ আগস্ট) পর্যন্ত রংপুর বিভাগে হামের উপসর্গ নিয়ে মোট ২ হাজার ১৫০ জন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ২ হাজার ৯৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।