
রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) মহানগরজুড়ে পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় নিয়োগ পরীক্ষায় প্রতারণা চক্রের ৪ সদস্যসহ মাদক, চুরি ও পর্নোগ্রাফি মামলাসহ বিভিন্ন অপরাধে ২৬ জন আসামিকে গ্রেফতার করেছে।
সোমবার বিকেলে আরপিএমপির মিডিয়া সেল এ তথ্য জানায়। অভিযানে মাদক উদ্ধার, মামলার আসামি ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে জোরালো অভিযান পরিচালনা করা হয়।
এর মধ্যে কোতোয়ালি থানার পৃথক অভিযানে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ইয়াবাসহ মাদক ব্যবসার অভিযোগে ২ জন, গাঁজাসহ মাদক ব্যবসার অভিযোগে ১ জন, গোয়েন্দা বিভাগ (ডিবি)-এর পৃথক অভিযানে ৪ জন, হাজীরহাট থানার অভিযানে ১ জন, হারাগাছ থানার পৃথক অভিযানে ২ জন এবং পরশুরাম থানার অভিযানে ৩ জনকে গ্রেফতার করা হয়।
এ ছাড়া, নিয়মিত চুরি মামলার এজাহারনামীয় এক আসামিকে চোরাই মালামাল—আরসিসি পিলার তৈরির ২টি ফর্মা ও নগদ ১০ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়েছে।
আরপিএমপি জানায়, অপরাধ প্রতিরোধ, মাদকমুক্ত সমাজ গঠন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে রংপুর মেট্রোপলিটন পুলিশ সর্বদা তৎপর ও প্রতিশ্রুতিবদ্ধ।
পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের সার্বিক দিকনির্দেশনা ও নিবিড় তত্ত্বাবধানে মহানগরজুড়ে পরিচালিত টানা ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে মোট ২৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।