ঢাকা সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

ভোমরা বন্দরে প্রথম দিনেই ভারত থেকে এলো ১০০ টন কাঁচামরিচ

ভোমরা বন্দরে প্রথম দিনেই ভারত থেকে এলো ১০০ টন কাঁচামরিচ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে প্রথম দিনে ভারত থেকে অন্তত ১০০ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি করা হয়েছে। সোমবার সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোমরা স্থলবন্দর দিয়ে প্রথম চালানে ১০ ট্রাক ভর্তি কাঁচামরিচ দেশে প্রবেশ করে। প্রতি ট্রাকে ৯ থেকে ১১ মেট্রিক টন পর্যন্ত কাঁচামরিচ বোঝাই ছিল।

তবে ব্যবসায়ীদের দাবি, আমদানি অব্যাহত থাকলে আগামীকাল থেকেই দেশের বাজারে কাঁচামরিচের দাম কমতে শুরু করবে।

সোমবার সন্ধ্যায় ভোমরা কাস্টমস কমিশনার মো. মোস্তাফিজুর রহমান আমদানির বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সন্ধ্যা পর্যন্ত ভোমরা স্থলবন্দর দিয়ে ১০ ট্রাক ভর্তি ভারতীয় কাঁচামরিচ দেশে প্রবেশ করেছে। শুল্ক ও কাস্টমস কার্যক্রম শেষে আমদানিকারকরা এসব কাঁচামরিচ দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করবেন।

আমদানিকারকেরা জানান, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে রোববার (২ আগস্ট) ভারত থেকে কাঁচামরিচ আমদানির অনুমতি দেয় সরকার। একই সঙ্গে আমদানির ওপর বিদ্যমান শুল্ক ও কর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র থেকে ব্যবসায়ীদের এ তথ্য জানানো হয়।

সাতক্ষীরা শহরের কাঁচামালের খুচরা ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, মাত্র ১৫ দিন আগেও জেলার বাজারগুলোতে প্রতি কেজি কাঁচামরিচ ৫০ টাকায় বিক্রি হয়েছে। কিন্তু চার দফায় দাম বেড়ে বর্তমানে প্রতি কেজি ৩০০ টাকারও বেশি দরে বিক্রি হচ্ছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

সাতক্ষীরা শহরের কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রজব আলী বলেন, টানা বৃষ্টিতে জেলা শহর ছাড়াও আশপাশের বিভিন্ন জেলার মরিচের খেত পানিতে তলিয়ে গেছে। এতে কাঁচামরিচের ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি অন্যান্য সবজির উৎপাদনও কমে গেছে।

তিনি আরও বলেন, ৫০ টাকার কাঁচামরিচ এখন ৩০০ টাকারও বেশি দামে বিক্রি হচ্ছে। তবে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হওয়ায় দু-এক দিনের মধ্যে এর দাম কমতে শুরু করবে। এতে ভোক্তাদের ভোগান্তি অনেকটাই কমবে বলে তিনি আশা করেন।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম বলেন, সোমবার প্রথম চালানের ১০ ট্রাক কাঁচামরিচ দেশে এসেছে। আগামীকাল মঙ্গলবার আরও অধিক পরিমাণ কাঁচামরিচ আমদানির অপেক্ষায় রয়েছেন ব্যবসায়ীরা।

তিনি আরও বলেন, ধারাবাহিকভাবে আমদানি চললে বাজারে সরবরাহ বাড়বে এবং দাম স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে বলে আমরা আশা করছি।

১০০ টন কাঁচামরিচ,ভারত থেকে এলো,ভোমরা বন্দর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত