ঢাকা বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় কিশোর হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় কিশোর হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের দাবিতে কিশোর রাফিজ মিয়াকে (১৫) অপহরণের পর হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শরিফুল ইসলাম (৩৫) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে গাজীপুরের কালিয়াকৈর থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শরিফুল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খেজুরতলা বাজারপাড়ার মৃত মুরজুল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ জুন সন্ধ্যায় চুয়াডাঙ্গার চিলাভালকী গ্রামের রাফিজকে মোবাইলে ডেকে নিয়ে অপহরণ করে আসামিরা। পরে ভুক্তভোগীর পরিবারের কাছে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

মুক্তিপণের টাকা না পেয়ে আসামিরা তাকে শ্বাসরোধে হত্যা করে চুয়াডাঙ্গা সদর থানার কুতুবপুর এলাকার অর্জুন খালে মরদেহ ফেলে পালিয়ে যায়। ঘটনার আট দিন পর, গত ১৩ জুন খালের পাশের একটি পুকুর থেকে রাফিজের পচাগলা মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মামলা দায়েরের পর চুয়াডাঙ্গা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি) ও আলমডাঙ্গা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে শরিফুলকে গ্রেপ্তার করে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ নিয়ে চাঞ্চল্যকর এই হত্যা মামলায় মোট তিনজনকে গ্রেপ্তার করা হলো।

ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আসামি গ্রেপ্তার,কিশোর হত্যা মামলা,চুয়াডাঙ্গা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত