ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

দিনাজপুরের বোচাগঞ্জে দুই দাঁড়াশ সাপের বিরল দৃশ্য

দিনাজপুরের বোচাগঞ্জে দুই দাঁড়াশ সাপের বিরল দৃশ্য

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার একটি ধানক্ষেতে দুই দাঁড়াশ সাপের বিরল আচরণ দেখা গেছে। স্থানীয়দের ভাষায় এ দৃশ্যকে ‘শঙ্খ লাগা’ বলা হয়।

শুক্রবার বিকেলে উপজেলার ২ নম্বর ইশানিয়া ইউনিয়নের খানপুর গ্রামের একটি ধানক্ষেতে এ দৃশ্য দেখতে পান স্থানীয়রা। পরে কয়েকজন কৌতূহলী ব্যক্তি ঘটনাস্থলে গিয়ে সাপ দুটির আচরণ পর্যবেক্ষণ করেন এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন।

স্থানীয় বাসিন্দা সুমন বলেন, প্রায় দুই থেকে তিন ঘণ্টা ধরে সাপ দুটি পরস্পরকে পেঁচিয়ে ছিল। আনুমানিক চার থেকে পাঁচ ফুট লম্বা দাঁড়াশ সাপ দুটি কখনো শরীরের সামনের অংশ উঁচু করে একে অপরকে জড়িয়ে ধরছিল, আবার কখনো আক্রমণাত্মক ভঙ্গিতে নড়াচড়া করছিল। একপর্যায়ে সাপ দুটি ধানক্ষেতের ভেতরে চলে যায়।

সেতাবগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক আসাদুজ্জামান বলেন, “বর্ষাকালে দাঁড়াশ সাপের এ ধরনের আচরণ অস্বাভাবিক নয়। স্থানীয়ভাবে একে ‘শঙ্খ লাগা’ বলা হলেও এটি প্রজননকালীন আচরণ কিংবা আধিপত্য বিস্তারের লড়াই—দুটির যেকোনো একটি হতে পারে। দাঁড়াশ বিষহীন ও পরিবেশের জন্য অত্যন্ত উপকারী সাপ। তাই এ ধরনের দৃশ্য দেখলে সাপকে বিরক্ত বা হত্যা না করে নিরাপদ দূরত্ব বজায় রেখে স্বাভাবিকভাবে চলাচলের সুযোগ দেওয়া উচিত।”

জাতীয় তথ্যকোষ বাংলাপিডিয়া বলছে, দাঁড়াশ সাপের মধ্যে ‘কমব্যাট ড্যান্স’ বা যুদ্ধ নাচ নামে একটি আচরণ দেখা যায়। এ সময় দুটি প্রতিদ্বন্দ্বী পুরুষ সাপ পরস্পরকে পেঁচিয়ে আধিপত্য বিস্তারের চেষ্টা করে। গ্রামাঞ্চলে অনেকেই এ দৃশ্যকে ‘শঙ্খ লাগা’ বা সাপের মিলন বলে মনে করেন।

দাঁড়াশ একটি বিষহীন ও কৃষিবান্ধব সাপ, যা ইঁদুরসহ বিভিন্ন ক্ষতিকর প্রাণী খেয়ে কৃষিজমির পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিরল দৃশ্য,দুই দাঁড়াশ সাপ,বোচাগঞ্জ,দিনাজপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত