ঢাকা রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে বাংলা ভাষাভাষী একজন পুরুষসহ দুই নারীকে অবৈধভাবে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তৎপরতায় তাদের বাংলাদেশে প্রবেশের চেষ্টা প্রতিহত করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) ভোরে জীবননগর উপজেলার মাধবখালী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানায়, রোববার আনুমানিক রাত ৩টা ১০ মিনিটের দিকে সীমান্ত পিলার ৭০/২-এস বরাবর গেট দিয়ে ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেতেরী ক্যাম্পের সদস্যরা তিন ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেন। ওই তিনজনের মধ্যে একজন পুরুষ ও দুজন নারী ছিলেন।

বাংলাদেশে প্রবেশের আগেই মাধবখালী বিওপির টহল দলের নজরে পড়েন তারা। এ সময় বিজিবি সদস্যরা শূন্যলাইন থেকে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন। পরে ওই তিনজন সীমান্তের শূন্যলাইন থেকে প্রায় ৪০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান নেন।

বিজিবির অবস্থান টের পেয়ে ভোর ৫টা ২০ মিনিটের দিকে ওই তিনজন ভারতের কাঁটাতারের বেড়ার কাছে ফিরে যান। পরে সকাল ৭টা ৫৫ মিনিটে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেতেরী ক্যাম্পের সদস্যরা ৬৮/৫-এস সীমান্ত পিলার বরাবর গেট খুলে তাদের ভারতের অভ্যন্তরে নিয়ে যান।

৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, তাদের তৎপরতায় বিএসএফের অবৈধ পুশ-ইনের চেষ্টা কার্যকরভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে। বিষয়টি ইতোমধ্যে ৩২ বিএসএফ ব্যাটালিয়নকে অবহিত করা হয়েছে।

প্রতিহত করল বিজিবি,পুশ-ইন চেষ্টা,বিএসএফ,চুয়াডাঙ্গা সীমান্ত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত