
রংপুরের পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মিলুকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা ও বানোয়াট তথ্য’ প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (১০ আগস্ট) রাতে পীরগঞ্জ প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মোস্তাফিজুর রহমান মিলুর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুলতান মাহমুদ ও পীরগঞ্জ পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব আহমেদ।
লিখিত বক্তব্যে তারা অভিযোগ করেন, গত ৮ আগস্ট দুপুর থেকে একটি কুচক্রী মহল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মিলুর সঙ্গে জনৈকা ইসরাত জাহানের ছবি সংযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে দিচ্ছে। এতে তার সামাজিক ও রাজনৈতিকভাবে সুনাম ক্ষুণ্ন হচ্ছে এবং ইসরাত জাহানও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন।
লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, পরদিন ৯ আগস্ট ইসরাত জাহান এক আত্মীয়ের বাড়িতে অবস্থানকালে কুচক্রী মহলের সদস্যরা সেখানে গিয়ে হামলা, ভাঙচুর ও তাকে মারধর করে। তাকে জোর করে মিলুর বিরুদ্ধে ভিডিও বক্তব্য দেওয়ানোর চেষ্টা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তারা এসব ঘটনার নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার বন্ধ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
সংবাদ সম্মেলনে উপজেলা ছাত্রদলের আরও বেশ কিছু সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।