
রংপুর নগরীতে একটি রিকশা গ্যারেজে মালিককে গলা কেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করেছে।
তাজহাট থানার ওসি রফিকুল ইসলাম জানান, নগরীর আনসারির মোড়ে বুধবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।
তিনি বলেন, নিহত ব্যক্তির নাম আব্দুর রহমান। তিনি গ্যারেজ সংলগ্ন বাসায় একাই থাকতেন। তার এক মেয়ে ও তিন ছেলে রয়েছে। তারা নগরীর বিভিন্ন জায়গায় আলাদা থাকেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকালে গ্যারেজের শাটারে তালা মারা ও রক্ত দেখতে পেয়ে লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে শাটার ভেঙে ভিতরে ঢুকে গলা কাটা লাশ দেখতে পায়।
রিকশা চুরি হয়নি। তবে টাকা রাখার বাক্স ভাঙা ছিল। ধারণা করা হচ্ছে, সেখান থেকে হয়তো টাকা লুট করা হয়েছে।
ওসি রফিকুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।