
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ডাকাতি মামলায় একজনকে গ্রেফতার করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে অভিযান চালিয়ে উপজেলার বড় দুধপাতিলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন দুধপাতিলা গ্রামের মৃত জামাত আলীর ছেলে শরিফুল ইসলাম শরিফ (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনা এবং দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিনের তত্ত্বাবধানে এসআই সিয়াবুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, তিনি দামুড়হুদা মডেল থানার মামলা নং-০৭, তারিখ ১৮ মে ২০২৫, পেনাল কোডের ৩৯৮ ধারায় দায়ের হওয়া দস্যুতা মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি।
পুলিশ আরও জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন বলেন, মামলার তদন্তে প্রাপ্ত একজন আসামিকে গ্রেফতার করে শুক্রবার সকালে চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক, অবৈধ অস্ত্র, দস্যুতা, ছিনতাই, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।