
বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ায় রোগীদের দুর্ভোগের কথা বিবেচনা করে নিজস্ব অর্থায়নে অত্যাধুনিক হাইব্রিড সোলার ইনভার্টার ও আইপিএসের ব্যবস্থা করে দিয়েছেন গঙ্গাচড়ার কৃতী সন্তান ও স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক মো. কে এম রেজওয়ানুল বারী জিওন।
জানা যায়, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সংকট ও লোডশেডিংয়ের কারণে স্বাস্থ্য কমপ্লেক্সটির রোগী, স্বজন ও চিকিৎসক-কর্মচারীদের নানা সমস্যায় পড়তে হচ্ছিল। বিশেষ করে রাতের বেলায় বিদ্যুৎ চলে গেলে জরুরি চিকিৎসাসেবা, রোগীদের পরিচর্যা এবং চিকিৎসা সরঞ্জাম পরিচালনায় ভোগান্তি বাড়ত। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে জিওন হাসপাতালের জন্য আধুনিক হাইব্রিড সোলার ইনভার্টার ও আইপিএসের ব্যবস্থা করেন।
এ উদ্যোগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় বাসিন্দারা জিওনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। অনেকে ফেসবুকে পোস্ট দিয়ে বলছেন, ‘গঙ্গাচড়াবাসী আপনার কাছে চিরকৃতজ্ঞ।’
জিওন বলেন, ‘গঙ্গাচড়ার মানুষের জন্য কিছু করতে পারা আমার দায়িত্ব ও সৌভাগ্যের বিষয়। হাসপাতালের বিদ্যুৎ সংকটের কারণে রোগীদের কষ্ট হবে—এটি মেনে নেওয়া কঠিন। তাই নিজের সামর্থ্য অনুযায়ী হাসপাতালের জন্য হাইব্রিড সোলার ইনভার্টার ও আইপিএসের ব্যবস্থা করেছি। ভবিষ্যতেও অবহেলিত জনপদের মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।’
তিনি বলেন, হাইব্রিড সোলার ইনভার্টার ও আইপিএস ইতোমধ্যে ঢাকা থেকে পাঠানো হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে এগুলো স্থাপন ও চালু করে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
এলাকাবাসী বলেন, ‘হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বিদ্যুতের বিকল্প ব্যবস্থা করা অত্যন্ত মানবিক উদ্যোগ। জিওনের এই উদ্যোগে রোগী ও স্বজনদের দুর্ভোগ অনেকটাই কমবে। অবহেলিত জনপদের কল্যাণে তাঁর নিরলস প্রচেষ্টা গঙ্গাচড়াকে এগিয়ে নেবে।’
স্থানীয়রা জিওনের এই উদ্যোগের প্রশংসা করে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি তাঁর ব্যবসা ও ব্যক্তিগত জীবনের সাফল্য কামনা করে বলেন, ‘আল্লাহ তাঁর রিজিকে বরকত দান করুন।’
গঙ্গাচড়াবাসীর প্রত্যাশা, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরাও এ ধরনের জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসবেন