ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

চাঁদপুরে তিন প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে তিন প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

চাঁদপুর শহরের বাবুরহাট বাজারে খাদ্যে ভেজাল ও এমবিবিএস ডিগ্রি ছাড়াই ‘ডা.’ পদবী ব্যবহার করায় তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখবিহীন এবং অনুমোদনহীন নিম্নমানের শিশু খাদ্য বিক্রয়ের অপরাধে নিউ ইমরান স্টোরের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া, এমবিবিএস ডিগ্রি ছাড়াই ‘ডা.’ পদবী ব্যবহার ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করার অপরাধে জানকি মেডিকেল হলের মালিক বিপ্লব আচার্যকে ১০ হাজার টাকা এবং জিলাপিতে ক্ষতিকর রাসায়নিক হাইড্রোজ ব্যবহার করায় ওলি উল্লাহ স্টোরের মালিককে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এ ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকার অঙ্গীকার করেন। এ ছাড়া অভিযানের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

জরিমানা,২২ হাজার টাকা,তিন প্রতিষ্ঠান,চাঁদপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত