
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাংলা বাজার থেকে বাড়ি যাওয়ার পথে গুলিবর্ষণের ঘটনায় তিন ছাত্রশিবির কর্মীসহ গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে জিরতলী ইউনিয়নের বারইচতল গ্রামের অটো রাইস মিলের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
গুলিবিদ্ধরা হলেন—বারইচতল গ্রামের হোসেন মাস্টার বাড়ির মো. তহিদুল ইসলাম খোকনের ছেলে সাকিবুল হাসান (১৭), আলাউদ্দিন হাজী বাড়ির কফিল-শিপনের ছেলে মো. নাদিম (১৭) ও মো. হোসেনের ছেলে সাহের।
এর আগে গত সোমবার একই উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নে একটি বিয়ের অনুষ্ঠানে গুলিবর্ষণের ঘটনায় অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।
স্থানীয়রা জানান, রাজনৈতিক আধিপত্য বিস্তারে একের পর এক গুলিবর্ষণের ঘটনায় উপজেলার জিরতলী ইউনিয়নের বারইচতল গ্রামের শীর্ষ সন্ত্রাসী হারুনের নেতৃত্বে সিএনজিতে এসে একদল সন্ত্রাসী এলোপাতাড়ি গুলি করে। এর ফলে নাদিম, সাকিব ও সাহের মোটরসাইকেলে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয়ে পড়ে যান। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
ঘটনার পর বাংলা বাজার এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. শামসুজ্জামান জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভিকটিমরা গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। লিখিত অভিযোগের আলোকে এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।