ঢাকা বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

সাংবাদিককে হেনস্তা, খুলনা ড্রেজিং বিভাগের কর্মকর্তাকে বদলি

সাংবাদিককে হেনস্তা, খুলনা ড্রেজিং বিভাগের কর্মকর্তাকে বদলি

খুলনায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিককে হেনস্তা ও পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগের পর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) খুলনা ড্রেজিং বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলামকে বদলি করা হয়েছে।

সম্প্রতি জারি করা এক অফিস আদেশে তাকে খুলনা থেকে ঢাকায় প্রধান প্রকৌশলীর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

সরকারি অফিসে নির্ধারিত সময়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিয়ে সংবাদ সংগ্রহ করতে খুলনা ড্রেজার বেইজে যান ৭১ টেলিভিশনের খুলনা প্রতিনিধি সাংবাদিক রাজু হাওলাদার। অভিযোগ রয়েছে, সেখানে সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার পাশাপাশি তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বিআইডব্লিউটিএর খুলনা ড্রেজিং বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম

একপর্যায়ে সাংবাদিক রাজু হাওলাদারকে অফিস থেকে বের করে দেওয়ার অভিযোগও ওঠে। ঘটনাটি নিয়ে অভিযোগ ও আলোচনা-সমালোচনার মধ্যেই রবিউল ইসলামের বদলির আদেশ আসে।

অফিস আদেশ অনুযায়ী, মো. রবিউল ইসলামকে খুলনা ড্রেজিং বিভাগ থেকে সরিয়ে ঢাকায় প্রধান প্রকৌশলীর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। গত ২০ আগস্ট ২০২৬ তারিখে জারি করা আদেশে তাকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত করার নির্দেশ দেওয়া হয়।

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া কিংবা হেনস্তার অভিযোগ নতুন নয়। তবে সরকারি দপ্তরে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সাংবাদিকের পেশাগত স্বাধীনতা এবং দায়িত্বশীল আচরণ—দুই পক্ষেরই নিশ্চিত করা জরুরি।

সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিককে অপমানের অভিযোগের পরই রবিউল ইসলামের বদলির আদেশ আসায় বিষয়টি নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছে।

যদিও অফিস আদেশে বদলির কারণ হিসেবে প্রশাসনিক স্বার্থের কথা উল্লেখ করা হয়েছে, তবে অভিযোগের ঘটনার পরপরই এই বদলি হওয়ায় বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।

কর্মকর্তাকে বদলি,খুলনা ড্রেজিং বিভাগ,হেনস্তা,সাংবাদিক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত