
বিজ্ঞানের মেধা ও সৃজনশীলতার লড়াইয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অংশ নিয়েছে ২২৬ শিক্ষার্থী। ‘ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াডে’ অংশ নেওয়া এসব শিক্ষার্থীর মধ্য থেকে জেলা পর্যায়ের জন্য বাছাই করা হবে মাত্র ১০ জনকে।
শনিবার ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসনের আয়োজনে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।
অলিম্পিয়াডে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অষ্টম থেকে দশম শ্রেণির ১৮৯ জন এবং একাদশ-দ্বাদশ শ্রেণির ৩৭ জন শিক্ষার্থী অংশ নেয়। ১০০ নম্বরের পরীক্ষায় শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক জ্ঞান, মেধা ও সৃজনশীল চিন্তাশক্তি যাচাই করা হয়।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান ও সহকারী কমিশনার সালাহউদ্দিন বিশ্বাস। এ সময় উপজেলা বিএনপির সদস্যসচিব আমিরুল ইসলাম ভূঞা মনি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা গেছে, মাধ্যমিক ও কলেজ—দুই পর্যায়ে সর্বোচ্চ নম্বর পাওয়া পাঁচজন করে মোট ১০ জন শিক্ষার্থী জেলা পর্যায়ের বিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নেওয়ার সুযোগ পাবে।
পরীক্ষা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
ইউএনও সানজিদা রহমান বলেন, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী চিন্তা গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে—এমন মেধাবীদের বিকাশে এ আয়োজন ভূমিকা রাখবে।