
বিএনপি কচুপাতার পানি নয়, ভেসে আসেনি; জনগণের ভোটের ক্ষমতা নিয়েই বিএনপি রাজনীতিতে এসেছে—এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক এমপি।
তিনি বলেন, বিএনপি ফ্যাসিস্ট হাসিনা ও স্বৈরাচার এরশাদের দল নয়। বিএনপি সরকার পতন হবে।
তিনি বিরোধী দলের উদ্দেশে বলেন, “দেশে গ্যাস নেই, পানি নেই, বিদ্যুৎ নেই। এটা গত ১৭ বছরে শেখ হাসিনার সরকার সৃষ্টি করেছে। দেশের সম্পদ লুটপাট করে নিয়ে গেছে।”
তিনি সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সন্তান। তিনি দেশের উন্নয়ন করতে চান। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়নে বিএনপি কাজ করবে বলেও জানান তিনি।
তিনি আজ শনিবার দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ী কাশিপুর সামিন স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ এবং উপজেলার নাটেশ্বর, অম্বনগর ও রাবগাঁও—এই তিন ইউনিয়ন ওলামা দলের কমিটি গঠন ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে পুলিশ প্রশাসনকে কাজ করার অনুরোধ করেন তিনি।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ নানা সংকট ও দুর্ভোগের মধ্যে রয়েছে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করার পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ-গ্যাস-পানির সংকট নিরসন এবং স্থানীয় উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
অনুষ্ঠানে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক দিদার হোসেন, সেনবাগ উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার, ভিপি জাহাঙ্গীর আলম, সাবেক চেয়ারম্যান আবদুর রেজাক দুলাল, জহিরুল ইসলাম, বোরহান উদ্দিন, জেলা ওলামা দলের আহ্বায়ক ফখরুল ইসলাম, সদস্য সচিব ফয়েজ উল্যাহ, সোনাইমুড়ী উপজেলা ওলামা দলের আহ্বায়ক সফিকুর রহমান, মাসুদসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে তিন ইউনিয়ন ওলামা দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের পরিচিতি পর্ব শেষে জিয়াউর রহমান, খালেদা জিয়াসহ সকলের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।