ঢাকা রোববার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

রংপুরে চার খুন: ডিবি হেফাজতে সিদ্ধার্থের বাবা-ভাই

রংপুরে চার খুন: ডিবি হেফাজতে সিদ্ধার্থের বাবা-ভাই

রংপুর নগরের মাসুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাসের বাবা ও ভাইকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে তাদের ডিবি হেফাজতে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর পুলিশের উপকমিশনার সনাতন চক্রবর্তী। তিনি বলেন, বিকেলে সিদ্ধার্থ দাসের বাবা বিনয় চন্দ্র দাস এবং ভাই পার্থ দাসকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। মামলার বিভিন্ন বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এর আগেও তাদের জিজ্ঞাসাবাদের জন্য আসতে বলা হয়েছিল। কিন্তু তারা কালক্ষেপণ করেন। তাই বাধ্য হয়ে আজ তাদের নিয়ে আসা হয়েছে।

এর আগে, আলোচিত এই হত্যা মামলায় অভিযুক্ত দুই যুবক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গ্রেপ্তার মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস রংপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলামের কাছে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

পরে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তাদের জবানবন্দির বিস্তারিত তুলে ধরেন তৎকালীন রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।

তিনি জানান, ঘটনার দিন ভোরে ছাদে হাঁটাহাটি করতে গিয়ে অভিযুক্ত মুগ্ধ ও সিদ্ধার্থকে ইয়াবা সেবন করতে দেখেন গণপতি চক্রবর্তী। তিনি তাদের ধমক দেন। তখন ইয়াবা সেবনের বিষয়টি যাতে জানাজানি না হয়, সেজন্য গণপতিকে হত্যা করেন দুই অভিযুক্ত।

ফরেনসিক, ময়নাতদন্ত ও জবানবন্দি অনুযায়ী মা-মেয়ে ধর্ষণের শিকার হননি বলে জানিয়েছেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।

এর আগে, গত শনিবার রাতে রংপুর নগরের কামালকাছনা এলাকার একটি তিনতলা বাড়ি থেকে চার জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তারা হলেন- রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে আগামী চক্রবর্তী (২৫) ও ছেলে আয়ুশ চক্রবর্তী (১৩)।

রংপুর,ডিবি হেফাজত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত