ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

এক যুগের বেশি সময় পর মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে উৎসবের আমেজ

এক যুগের বেশি সময় পর মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে উৎসবের আমেজ

দীর্ঘ এক যুগের বেশি সময় পর অনুষ্ঠিত হতে যাচ্ছে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন। আগামী ৬ সেপ্টেম্বরের নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে জমে উঠেছে প্রচার-প্রচারণা। খুলনা প্রেসক্লাব চত্বরে বিরাজ করছে উৎসবের আমেজে সাজ সাজ রব। প্রার্থীদের প্যানা, ফেস্টুন ও প্রচারণায় প্রেসক্লাবের সড়ক ও চত্বরজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। নগরীর বিভিন্ন পত্রিকা ও গণমাধ্যমের হাউজেও বেড়েছে প্রার্থীদের আনাগোনা।

নির্বাচনকে ঘিরে সাংবাদিকদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। প্রার্থীরা ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, দোয়া ও সমর্থন প্রার্থনা এবং নিজেদের কর্মপরিকল্পনা তুলে ধরছেন।

গত ২৫ জুলাই খুলনা প্রেসক্লাবে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্ল্যা। সাধারণ সভা শেষে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। একই সঙ্গে নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান করা হয় দৈনিক জন্মভূমি পত্রিকার নির্বাহী সম্পাদক সরদার আবু তাহেরকে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন দৈনিক খুলনা প্রতিদিনের সম্পাদক সোহাগ দেওয়ান ও দৈনিক খুলনা গেজেটের সহ-সম্পাদক মো. আনিস উদ্দিন।

নির্বাচনে ১১টি পদের বিপরীতে মোট ২৪টি মনোনয়নপত্র বিক্রি হয়। এর মধ্যে ১৬টি মনোনয়নপত্র জমা পড়ে। সভাপতি পদে আবু তৈয়ব মুন্সী এবং সহ-সভাপতি পদে মাসুদুর রহমান রানা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এছাড়া পাঁচটি কার্যনির্বাহী সদস্য পদের বিপরীতে ছয়জন মনোনয়নপত্র দাখিল করেন। পরে সদস্য পদে মাসুদ আল হাসান মনোনয়ন প্রত্যাহার করায় পাঁচজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তারা হলেন—হাসান আহমেদ মোল্ল্যা, কনক রহমান, দ্বীন মোহাম্মদ রেজা সোহাগ, এস এম মাহবুব ও রামিম চৌধুরী।

এবারের নির্বাচনে মোট ১৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ১১টি পদের মধ্যে সভাপতি, সহ-সভাপতি ও কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় আগামী ৬ সেপ্টেম্বর চারটি পদে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট আটজন প্রার্থী।

সাধারণ সম্পাদক পদে লড়াই

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের খুলনা প্রতিনিধি এ এইচ এম শামিমুজ্জামান এবং দৈনিক আমাদের সময়ের খুলনা ব্যুরো প্রধান সৈয়দ হুমায়ুন কবির রানা।

সহ-সাধারণ সম্পাদক পদে দুই প্রার্থী

সহ-সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দৈনিক দিনকালের স্টাফ রিপোর্টার ফকির শহিদুল ইসলাম এবং দৈনিক খুলনা টাইমসের স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম।

কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা

কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দৈনিক আলোকিত বাংলাদেশের খুলনা ব্যুরো প্রধান মোঃ রাজু আহমেদ এবং দি নিউ নেশনের খুলনা প্রতিনিধি খাঁন আহসানুল আমিন।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে লড়াই

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দৈনিক সময়ের খবরের স্টাফ রিপোর্টার মোঃ খায়রুল আলম এবং এশিয়ান টাইমসের প্রতিনিধি মোঃ আলামিন শিকদার।

নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে প্রার্থীদের প্রচারণা। প্রেসক্লাব চত্বর থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানে চলছে ভোটারদের সঙ্গে মতবিনিময় ও সমর্থন আদায়ের চেষ্টা। প্যানা-ফেস্টুনে ছেয়ে গেছে খুলনা প্রেসক্লাবের সড়ক ও চত্বর।

দীর্ঘ এক যুগের বেশি সময় পর মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নির্বাচন হওয়ায় এবারের ভোটকে ঘিরে সাংবাদিকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। ১৫৩ জন ভোটারের ভোটে চারটি গুরুত্বপূর্ণ পদে কারা বিজয়ী হন—সেদিকেই এখন তাকিয়ে খুলনার সাংবাদিক সমাজ।

সাংবাদিক ইউনিয়ন,নির্বাচন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত