ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

কাউখালীতে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, সরকারি কাজ বন্ধ

কাউখালীতে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, সরকারি কাজ বন্ধ

রাঙামাটির কাউখালী উপজেলায় দাবিকৃত চাঁদা না দেওয়ায় সরকারি উন্নয়নকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বিরুদ্ধে। একইসঙ্গে কাজের শ্রমিকদের ওপর হামলা ও মারধরের অভিযোগও করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) রাঙামাটি শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন।

তার অভিযোগের তীর উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরসহ দলের কয়েকজন নেতার বিরুদ্ধে।

লিখিত বক্তব্যে ইসমাইল হোসেন বলেন, সরকারি নিয়ম-কানুন মেনে কাউখালী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের উন্নয়নকাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে মালামাল সরবরাহের বিষয়ে তার চুক্তি রয়েছে। ওই চুক্তির ভিত্তিতে তিনি নির্মাণসামগ্রীসহ বিভিন্ন মালামাল সরবরাহ করে আসছিলেন।

তবে একটি চক্র রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তাদের বৈধ কাজে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি। এর কারণ হিসেবে দাবিকৃত পাঁচ লাখ টাকা চাঁদা না দেওয়ার বিষয়টি উল্লেখ করেন ইসমাইল হোসেন। একপর্যায়ে চাঁদা দিতে রাজি না হওয়ায় চলমান কাজে বাধা দিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয় বলেও দাবি করেন তিনি।

ইসমাইল হোসেন আরও অভিযোগ করেন, উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর নামের এক ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে হত্যার হুমকি দেন। চাঁদা না দিলে কোনো কাজ চলবে না এবং বাইরের কোনো ঠিকাদার কাউখালী উপজেলায় কাজ করতে হলে তাদের সঙ্গে ‘সমন্বয়’ করতে হবে বলেও ওই ব্যক্তি হুঁশিয়ারি দেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

এরপর উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম, কলমপতি ইউনিয়ন বিএনপির সভাপতি নাছির এবং উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিমের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি একত্রিত হয়ে কাজের দায়িত্বে থাকা লোকজনকে মারধর করেন বলেও অভিযোগ করেন ইসমাইল হোসেন।

এ ঘটনায় কয়েকজন আহত হয়ে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

ভুক্তভোগীরা এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ এবং স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

তবে অভিযুক্ত বিএনপি নেতারা তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেছেন, এসব অভিযোগ বানোয়াট।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, রাজনৈতিক পরিচয় কোনো অপরাধের লাইসেন্স হতে পারে না। কোনো ব্যক্তি বা গোষ্ঠী রাজনৈতিক দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, হামলা কিংবা সরকারি উন্নয়নকাজ বন্ধ করে দিলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।

সংবাদ সম্মেলনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. ইব্রাহিম, কাউখালী কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক আরমান, কলমপতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, ছাত্রনেতা মেহেরাজ সরকার রাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সরকারি কাজ বন্ধ,চাঁদা দাবির অভিযোগ,৫ লাখ টাকা,কাউখালী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত