ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

রংপুরে সাংবাদিক উৎস হত্যা, মৃত্যুদণ্ড ১, দুজনের যাবজ্জীবন

রংপুরে সাংবাদিক উৎস হত্যা, মৃত্যুদণ্ড ১, দুজনের যাবজ্জীবন

রংপুরে সাংবাদিক মশিউর রহমান ওরফে উৎস রহমান হত্যা মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড এবং দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় মূল অভিযুক্ত চিহ্নিত মাদককারবারি জহিরন আক্তার জুঁই ওরফে গেদিকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে রংপুর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান খান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন রুবেল ওরফে হেকরম। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন এলিন ও শুভ কুমার। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না; তারা পলাতক রয়েছেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হাদী বেলাল ও বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ। তবে এ রায়ে সংক্ষুব্ধ হয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছে সাংবাদিক উৎস রহমানের পরিবার।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৩ ডিসেম্বর সন্ধ্যায় সাংবাদিক মশিউর রহমান ওরফে উৎস রহমান রংপুরের স্থানীয় দৈনিক যুগের আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন। ওই রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে নগরীর ধর্মদাস এলাকায় একটি গাছের সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের মা নুরজাহান বেগম নুরী রংপুর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় পুলিশ আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। পরে আদালত ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

দীর্ঘ ১০ বছর নয় মাসের বেশি সময় ধরে মামলাটির বিচার কার্যক্রম চলে। এ সময়ে ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং আইনজীবীদের যুক্তিতর্ক শেষে বুধবার মামলার রায় ঘোষণা করেন আদালত।

রায়ে অসন্তোষ প্রকাশ করে মামলার বাদী নুরজাহান বেগম বলেন, ‘এই রায়ে আমরা সন্তুষ্ট নই। আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি।’ এ বিষয়ে উচ্চ আদালতে আপিল করা হবে বলেও জানান তিনি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হাদী বেলাল ও বাদীপক্ষের আইনজীবী পলাশ কান্তি নাগ বলেন, তাদের দাবি অনুযায়ী, মূল অভিযুক্ত জহিরন আক্তার জুঁই ওরফে গেদিকে তিন লাখ ৬০ হাজার টাকা দিয়ে সাংবাদিক উৎস রহমানকে হত্যা করানো হয়েছিল। অথচ আদালত হত্যাকাণ্ডের কথিত মাস্টারমাইন্ডকে খালাস দিয়েছেন। এ রায়ে নিহতের পরিবার ও আইনজীবীরা সংক্ষুব্ধ। তারা উচ্চ আদালতে আপিল করবেন।

আইনজীবীরা আরও বলেন, হত্যাকাণ্ডের মূলহোতা পার পেয়ে গেলে সমাজে অপরাধপ্রবণতা আরও বাড়তে পারে।

এদিকে সাংবাদিক উৎস রহমান হত্যা মামলার এ রায় নিয়ে সাংবাদিক সমাজেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

দুজনের যাবজ্জীবন,মৃত্যুদণ্ড ১,সাংবাদিক উৎস হত্যা,রংপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত