
নগরবাসীর অভিযোগের দ্রুত প্রতিকারে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে নগরীর বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) আলকরণ, নিউমার্কেট মোড় ও পাথরঘাটার পুরাতন ফিশারঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) জোবাইদা আক্তার।
চসিকের নাগরিক সেবা প্ল্যাটফর্ম ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপের মাধ্যমে প্রাপ্ত ৪টি অভিযোগের ভিত্তিতে এসব এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের মাধ্যমে সংশ্লিষ্ট অভিযোগগুলো নিষ্পত্তি করা হয়।
অভিযানকালে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং সড়ক ও ফুটপাত দখল করে রাখা অবৈধ স্থাপনা ও প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। এতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে পথচারীদের চলাচল স্বাভাবিক করার পাশাপাশি জনসাধারণের জন্য উন্মুক্ত স্থান ব্যবহারের সুযোগ তৈরি হয়।
চসিক সূত্র জানায়, নগরবাসীর নাগরিক অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপের মাধ্যমে পাওয়া অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নাগরিকদের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে নগর ব্যবস্থাপনায় জবাবদিহিতা ও সেবার মান আরও বাড়াতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরবাসীকে নগরীর বিভিন্ন সমস্যা ও নাগরিক সেবাসংক্রান্ত অভিযোগ ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপের মাধ্যমে জানানোর আহ্বান জানানো হয়েছে।